আন্তর্জাতিক অস্থিরতার মাঝেও হরমুজ প্রণালী পেরিয়ে ভারতে পৌঁছল এলপিজি বহনকারী জাহাজ ‘নন্দাদেবী’। এর আগে ‘শিবালিক’ নামে আরেকটি জাহাজ নিরাপদে পৌঁছেছিল। পরপর দুটি জাহাজ ভারতে পৌঁছনোয় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ অনেকটাই কমেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
জানা গেছে, পশ্চিম এশিয়ায় উত্তেজনা বাড়ায় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। এই প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, যার মাধ্যমে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়।
এই পরিস্থিতিতে ভারতমুখী এলপিজি ট্যাঙ্কার ‘নন্দাদেবী’ নিরাপদে পৌঁছনোকে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। জাহাজটিতে রান্নার গ্যাসের বড় চালান রয়েছে, যা দেশের বিভিন্ন রাজ্যে সরবরাহ করা হবে।
কেন্দ্রীয় সূত্রের খবর, জ্বালানির মজুত স্বাভাবিক রাখতে সরকার পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। প্রয়োজনে বিকল্প সমুদ্রপথ ব্যবহার করার পরিকল্পনাও তৈরি রাখা হয়েছে।