খড়গপুরের বিধায়ক হিরণ সম্প্রতি টিকিট না পাওয়ার বিষয়ে স্পষ্ট ভাষায় মুখ খুলেছেন। তিনি জানান, এক বছর আগেই দল জানিয়ে দিয়েছিল যে এবার খড়গপুরে তাঁকে টিকিট দেওয়া হবে না। “আমি তখনই চলে যেতে পারতাম, কিন্তু দলের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করেছি। দল যেখানে দায়িত্ব দেবে, সেখানে আমি কাজ করব,” তিনি বলেন।
হিরণ জানান, ২০২১ সালের ভোটে খড়গপুর হারানো আসন ছিল, ৬৪ হাজার ভোটের ব্যবধানে। “দল আমাকে এখানে পাঠিয়েছিল, খড়গপুরকে জয় করতে। আমি ঐতিহাসিক জয় পেয়েছি। এরপর কাউন্সিলার ভোটেও এমন একজনকে হারিয়েছি, যাকে হারানো প্রায় অসম্ভব ছিল। অনেক বড় বিধায়ক বা সাংসদরা এমন ভোটে হেরে যান। তারপর দল আমাকে ঘাটালে পাঠালো, তিন মাস প্রতিদিন ৪০–৪২ কিলোমিটার হেঁটেছি।”
তিনি সাংবাদিকদেরও জানিয়েছেন, তার কাজের মান শুধুই টিকিট পাওয়ার সঙ্গে মাপা যায় না। “যাঁরা আমাকে নিয়ে উদ্বিগ্ন, তাঁদের কাছে আমি কৃতজ্ঞ। আর যাঁরা খুশি আমি টিকিট পাইনি, তাঁদের সমালোচনাই আমার জন্য জয়,” হিরণ যোগ করেন।
হিরণ মনে করিয়ে দিয়েছেন, দলের প্রতি দায়িত্ব পালন এবং সাধারণ মানুষের কাছে কাজ করা তাঁর সবচেয়ে বড় অর্জন। তিনি বলেন, “যাঁদের ধারণা ছিল, সুপারস্টাররা বিধায়ক হলে বড় বাড়ি, গাড়ি দেখাবে, কিন্তু আমি তা ভাঙতে পেরেছি। আমার সবথেকে বড় জয় হলো সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।”