ভোটের দিন ঘোষণা না হলেও বাগনানে শুরু নির্বাচন কমিশনের ভোট সচেতনতা শিবির
নির্বাচনের দিন এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। তার আগেই ভোটারদের সচেতন করতে মাঠে নেমেছে নির্বাচন কমিশন। হাওড়া জেলার ১৮০ নম্বর বাগনান বিধানসভা কেন্দ্রে ভোটারদের কীভাবে ভোট দিতে হবে, তা বোঝাতে আয়োজন করা হয়েছে বিশেষ ভোট সচেতনতা শিবিরের।
এই শিবিরে ভোটারদের সামনে রাখা হয়েছে ব্যালট ভোটিং প্যানেল এবং ভিভিপ্যাট (VVPAT) সহ ইভিএম মেশিনের ডেমো। আধিকারিকরা সাধারণ মানুষকে হাতে-কলমে বুঝিয়ে দিচ্ছেন কীভাবে ইভিএমে ভোট দিতে হয় এবং ভিভিপ্যাটে ভোটের স্লিপ কীভাবে দেখা যায়।
নির্বাচন দপ্তরের আধিকারিকদের মতে, অনেক মানুষের মধ্যেই এখনও ইভিএম নিয়ে বিভিন্ন ধরনের ভুল ধারণা রয়েছে। এই ধরনের সচেতনতা শিবিরের মাধ্যমে সেই ভুল ধারণা দূর হবে এবং ভোটাররা আরও আত্মবিশ্বাসের সঙ্গে ভোট দিতে পারবেন।
জানা গেছে, শুধু বাগনান নয়, রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ধরনের ভোট সচেতনতা কর্মসূচি চালানো হচ্ছে। এর মাধ্যমে ভোটারদের নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে সচেতন করার পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণে উৎসাহিত করা হচ্ছে।