ভারতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন কমিশনের রিপোর্ট, আরএসএসের নাম জড়াতেই কড়া প্রতিবাদ কেন্দ্রের
ভারতে ধর্মীয় স্বাধীনতা খর্ব হচ্ছে বলে দাবি করেছে মার্কিন সরকারের অধীনস্থ মার্কিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন। সোমবার প্রকাশিত রিপোর্টে অভিযোগ করা হয়েছে, ভারতে কিছু সংগঠনের কার্যকলাপের ফলে ধর্মপালনের স্বাধীনতা বিঘ্নিত হচ্ছে।
রিপোর্টে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (র)-এর বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।
কমিশনের সুপারিশ অনুযায়ী, সংশ্লিষ্ট সংস্থাগুলির সদস্যদের আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করা এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
এই রিপোর্ট প্রকাশের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়স্বাল বলেন, এই রিপোর্ট সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট এবং বাস্তব পরিস্থিতির বিকৃত চিত্র তুলে ধরা হয়েছে। তাঁর অভিযোগ, গত কয়েক বছর ধরেই ভুল তথ্যের ভিত্তিতে ভারতের বিরুদ্ধে মন্তব্য করা হচ্ছে।
তিনি আরও বলেন, আমেরিকায় একাধিকবার হিন্দু মন্দিরে হামলার ঘটনা ঘটেছে এবং ভারতীয়দের বিরুদ্ধে অসহিষ্ণুতা বেড়েছে। সেই বিষয়গুলির দিকে নজর দেওয়া উচিত।
এর আগেও একাধিকবার এই কমিশন ভারতের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলেছে, যদিও প্রতিবারই কেন্দ্র এই রিপোর্ট খারিজ করেছে।