খামেনেইকে হত্যার হুমকি ইজরায়েলের, মস্কোতে চিকিৎসা নিয়ে জল্পনা তুঙ্গে
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে ইরান-ইজরায়েল সংঘাত ঘিরে। ইজরায়েলের তরফে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইকে হত্যার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। একই সময়ে তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা ছড়িয়েছে।
কুয়েতের একটি সংবাদমাধ্যমের দাবি, সাম্প্রতিক হামলায় গুরুতর আহত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাশিয়ার রাজধানী মস্কোতে নিয়ে যাওয়া হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহায়তায় এই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলেও খবর। তবে এই বিষয়ে ক্রেমলিনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।
গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহের পর থেকে তাঁকে জনসমক্ষে দেখা যায়নি, ফলে তাঁর শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে ধোঁয়াশা তৈরি হয়েছে।
এদিকে আমেরিকার সমর্থন পাওয়ার পর ইজরায়েল ইরানের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত পারস গ্যাসক্ষেত্রে বড়সড় বিমান হামলা চালিয়েছে বলে খবর। ইজরায়েলি সেনাবাহিনীর দাবি, নিজেদের নিরাপত্তা রক্ষা এবং ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলিকে দুর্বল করতেই এই অভিযান।
গ্যাসক্ষেত্রে আগুন লাগার ঘটনা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।