অবশেষে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হতেই স্পষ্ট হয়, ২০২৬ সালের নির্বাচনে খড়গপুর সদর কেন্দ্র থেকেই লড়ছেন দিলীপ ঘোষ।
প্রার্থী হওয়ার পর প্রথম দিন থেকেই আত্মবিশ্বাসী সুর শোনা গেছে তাঁর গলায়। তিনি জানান, খড়গপুর তাঁর পরিচিত এলাকা এবং এখানকার মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ সারা বছরই থাকে। তাই ভোটের সময় আলাদা করে প্রচার করার প্রয়োজন খুব বেশি পড়ে না। তাঁর কথায়, প্রচার একটা ফর্মালিটি মাত্র, কারণ তিনি নিয়মিত মানুষের সঙ্গে থাকেন, সামাজিক অনুষ্ঠান, পুজো বা স্থানীয় কর্মসূচিতে অংশ নেন।
তবে বড় প্রশ্ন উঠেছে, এই কেন্দ্রে কি প্রচারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah? এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব। তবে প্রতি নির্বাচনে মোদী-শাহ এই এলাকায় সভা করতে এসেছেন, তাই এবারও আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
তিনি জানান, তাঁর প্রচারের ধরন অন্যরকম। বড় বড় সভার বদলে ছোট বৈঠক, চা-চক্র এবং সরাসরি মানুষের সঙ্গে কথা বলতেই তিনি বেশি স্বচ্ছন্দ। তবে ছোট-বড় সভা অবশ্যই হবে বলেও জানিয়েছেন তিনি।
এবারের নির্বাচনে নিজের লক্ষ্যও স্পষ্ট করে দিয়েছেন বিজেপি প্রার্থী। তাঁর দাবি, খড়গপুরে ভোটের হার তুলনামূলক কম থাকে। সেই হার বাড়ানো এবং অন্তত এক লক্ষ ভোটে জয়লাভ করাই তাঁদের মূল লক্ষ্য। প্রতিপক্ষের সঙ্গে ব্যক্তিগত লড়াই নয়, দলের সঙ্গে রাজনৈতিক লড়াই বলেই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।