ভোটের মুখে কংগ্রেসের অন্দরেই নতুন করে বিতর্ক। দলের নেতা আলি ইমরান রামজ ভিক্টরের বিরুদ্ধে অভিযোগ তুলে তাঁর সাসপেন্ডের দাবি জানালেন স্ত্রী প্রিয়াঞ্জলি নিয়োগী। বুধবার দুই ছেলেকে সঙ্গে নিয়ে তিনি দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে পৌঁছে দলের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপ চান। জানা গেছে, তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কাছেও লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
প্রিয়াঞ্জলির অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার। আগেও কলকাতায় প্রদেশ কংগ্রেস দপ্তরে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে দাবি তাঁর। তাই বাধ্য হয়ে দিল্লিতে এসে সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বের দ্বারস্থ হয়েছেন।
দিল্লিতে কংগ্রেস দপ্তরের সামনে পোস্টার হাতে ধরনাতেও বসেন তিনি। পোস্টারে লেখা ছিল, “মহিলাদের পাশে থাকলে ভিক্টরকে বহিষ্কার করুন” এবং “দলের মর্যাদা রক্ষায় অবিলম্বে ব্যবস্থা নিন।”
উল্লেখ্য, এর আগেও ভিক্টরের বিরুদ্ধে মারধর, পণের দাবি ও আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছিলেন প্রিয়াঞ্জলি। যদিও সব অভিযোগ অস্বীকার করে ভিক্টর দাবি করেছেন, বহুদিন ধরেই তাঁদের আলাদা থাকা চলছে এবং নির্বাচনের আগে ইমেজ নষ্ট করতেই এই অভিযোগ আনা হচ্ছে।