ভারতের জয় উদযাপন ঘিরে উজ্জয়িনে সংঘর্ষ, আহত একাধিক
টি–২০ বিশ্বকাপে ভারতের জয়ের আনন্দ ঘিরে মধ্যপ্রদেশের উজ্জয়িনে উত্তেজনা ছড়াল। রবিবার রাতে রাজ রয়্যাল কলোনি এলাকার জিরো পয়েন্ট ব্রিজের কাছে চিমাঙ্গঞ্জ এলাকায় দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে খবর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভারতের জয় উদযাপন করতে রাস্তায় নেমে পড়েন বহু মানুষ। পটকা ফাটানো, শোভাযাত্রা এবং স্লোগানে গোটা এলাকা উৎসবের আবহে ভরে ওঠে। তবে সেই সময় পটকা ফাটানোকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েকজন যুবক জোরে পটকা ফাটাচ্ছিলেন। অভিযোগ ওঠে, পটকার শব্দ ও আচরণে কাছাকাছি একটি মুসলিম অধ্যুষিত এলাকায় অস্বস্তি তৈরি হয়। একপক্ষের দাবি, ইচ্ছাকৃতভাবে মসজিদের দিক লক্ষ্য করে পটকা ফাটানো হয়েছিল। অন্যপক্ষ সেই অভিযোগ অস্বীকার করে জানায়, এটি শুধুই জয়ের আনন্দ উদযাপনের অংশ ছিল।
বচসা দ্রুত উত্তেজনায় রূপ নেয়। কিছুক্ষণের মধ্যেই দু’পক্ষের মধ্যে পাথর ছোড়াছুড়ি শুরু হয়। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন লাঠি ও রড নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে বেশ কিছু মানুষ।
সংঘর্ষে মহিলাসহ অন্তত ১০ জন আহত হন। তাঁদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় উজ্জয়িন জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
উজ্জয়িনের পুলিশ সুপার জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।