বঙ্গোপসাগরে ফের একটি নতুন নিম্নচাপ তৈরি হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল বা বুধবার দুপুরে ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরে এই নতুন নিম্নচাপটি তৈরি হতে পারে। এটি গত ৩৬ দিনে বঙ্গোপসাগরে নবম নিম্নচাপ হবে।
এই নতুন নিম্নচাপের প্রভাবে ২৯শে আগস্ট, শুক্রবার থেকে ৩০শে আগস্ট, শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে। এই বৃষ্টিপাত ১লা সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে। অর্থাৎ, পুজোর আগেই ফের দুর্যোগের কালো মেঘ জমতে পারে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কালিম্পংয়েও সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরে ২৯শে আগস্ট থেকে ১লা সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়বে।
বর্তমানে যে নিম্নচাপটি ছিল, সেটি উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ এবং ছত্তিসগড়ের দিকে সরে গেছে। মৌসুমি অক্ষরেখা পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং দিঘা হয়ে বিস্তৃত। এর ফলে সোমবার উপকূলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গত কয়েক সপ্তাহের বৃষ্টিতে কলকাতায় জল জমে দুর্ভোগ বেড়েছে। এই পরিস্থিতিতে মৃৎশিল্পীরা মূর্তির কাঠামো শুকানো নিয়ে চিন্তায় পড়েছেন। আগামী বুধবারের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, যা আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধি করবে।